ধর্মীয় আলোচনায় শিষ্টাচার
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষের কথাবার্তা, আচরণ, বিতর্ক, জ্ঞানচর্চা ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে যথার্থ আচার-ব্যবহার শিখিয়ে দেয়। বিশেষ করে ধর্মীয় আলোচনা, কোরআন-হাদিস ব্যাখ্যা, এবং নবী-রসুল ও সাহাবাগণের মান-মর্যাদা রক্ষার ক্ষেত্রে ইসলাম অতিমাত্রায় সংবেদনশীল। কারণ এ মহান ব্যক্তিত্বরা দীন প্রতিষ্ঠার পথপ্রদর্শক এবং তাদের সম্পর্কে বিরূপাচরণ বা অসম্মান মুসলিম সমাজে বিভেদ ও হানাহানির জন্ম দেয়।
ধর্মীয় আলোচনা: আল্লাহতায়ালা বলেছেন, ‘তোমার প্রতিপালকের পথে মানুষকে আহ্বান করো প্রজ্ঞার সঙ্গে, নেক উপদেশের মাধ্যমে, আর তাদের সঙ্গে বিতর্ক করো উত্তম রীতিতে।’ (সুরা আন নাহল-১২৫)
এ আয়াতে ইসলামি বিতর্কশীলতার মর্মভিত্তি স্পষ্ট : রসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকাল বিশ্বাস করে, সে ভালো কথা বলবে অথবা নীরব থাকবে।’ (বুখারি, মুসলিম)
ধর্মীয় আলোচনায় অপ্রয়োজনীয় কঠোরতা, ব্যঙ্গ-বিদ্রুপ, রাগান্বিত ভাষা, এবং ব্যক্তিগত আক্রমণ-সবই ইসলামে নিষিদ্ধ। আল্লাহতায়ালা বলেন, ‘অশ্লীল ও কঠোর ভাষা আল্লাহ পছন্দ করেন না।’ (সুরা আন নিসা-১৪৮)। এ থেকে বোঝা যায়, দাওয়াহ বা বিতর্ক যদি উত্তেজনা, শত্রুতা ও বিভেদ সৃষ্টি করে তবে তা ইসলামের প্রকৃত রীতি নয়। নবী-রসুলগণের সম্মান রক্ষা মুসলিমদের কর্তব্য। নবী মুহাম্মদ (সা.) হলেন মুসলিম উম্মাহর প্রাণ। আল্লাহতায়ালা বলেন, ‘নিশ্চয়ই আমরা তোমাকে প্রেরণ করেছি সাক্ষী, সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে; যেন তোমরা তাঁকে সম্মান করো, সাহায্য করো ও আল্লাহর পবিত্রতা ঘোষণা করো।’ (সুরা আল ফাতাহ-৮-৯)
